জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে বাড়লো বাস ভাড়া।
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে দেশের গণপরিবহনের ভাড়া পুনর্নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা ও চট্টগ্রামে চলাচলকারী বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানো হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) পরিবহন মালিক ও শ্রমিকদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ তথ্য জানান সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।
মন্ত্রী বলেন, পরিবহন সংশ্লিষ্টদের পক্ষ থেকে প্রতি কিলোমিটারে ২৮ পয়সা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে সরকার পরিস্থিতি বিবেচনায় অনেক কম হারে ভাড়া সমন্বয় করেছে।
নতুন নির্ধারণ অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রামে বাস ভাড়া এখন প্রতি কিলোমিটারে ২ টাকা ৫৩ পয়সা, যা আগে ছিল ২ টাকা ৪২ পয়সা। অন্যদিকে আন্তঃজেলা রুটে ভাড়া ২ টাকা ১২ পয়সা থেকে বেড়ে দাঁড়িয়েছে ২ টাকা ২৩ পয়সায়।
মিনিবাসের ক্ষেত্রেও একই হারে বৃদ্ধি আনা হয়েছে। আগে যেখানে প্রতি কিলোমিটারে ভাড়া ছিল ২ টাকা ৩২ পয়সা, এখন তা বেড়ে হয়েছে ২ টাকা ৪৩ পয়সা।
সরকার জানিয়েছে, জ্বালানির দামের ওঠানামার ওপর ভিত্তি করে ভবিষ্যতেও ভাড়া সমন্বয়ের বিষয়টি বিবেচনায় রাখা হবে।
মতামত দিন