আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

হরমুজ ইস্যুতে চাপের মুখে ইরান, আলোচনা শর্তে অনড় তেহরান।

নিজেস্ব প্রতিবেদক:

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, এই প্রণালি কার্যত অচল হয়ে পড়ায় ইরানের অর্থনীতি মারাত্মক সংকটে পড়েছে এবং পরিস্থিতি সামাল দিতে দেশটি এখন পথ খুলে দেওয়ার চেষ্টা করছে।

বুধবার (২২ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে দেওয়া পোস্টে ট্রাম্প বলেন, ইরান এখন অর্থকষ্টে হিমশিম খাচ্ছে। তার ভাষ্য অনুযায়ী, প্রতিদিন প্রায় ৫০০ মিলিয়ন ডলার আয়ের সুযোগ হারানোর কারণে তেহরান প্রণালিটি সচল রাখতে আগ্রহী হয়ে উঠেছে। তিনি আরও অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের অবরোধের মুখে পড়ে পরিস্থিতি সামাল দিতে আগেই প্রণালি বন্ধের ঘোষণা দিয়েছিল ইরান।

একই পোস্টে ট্রাম্প আরও বলেন, কয়েক দিন আগে তার কাছে এমন বার্তা এসেছে যে, ইরান দ্রুতই এই নৌপথ চালু করতে চায়। তবে যুক্তরাষ্ট্র যদি এই পরিস্থিতিতে নমনীয় হয়, তাহলে ভবিষ্যতে কোনো চুক্তি করা কঠিন হয়ে পড়বে বলেও তিনি ইঙ্গিত দেন।

অন্যদিকে, ভিন্ন সুর শোনা গেছে তেহরানের পক্ষ থেকে। জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির-সাঈদ ইরাভানি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও আলোচনায় বসতে আপত্তি নেই তাদের। তবে এর জন্য আগে একটি শর্ত পূরণ করতে হবে—ইরানের ওপর আরোপিত মার্কিন নৌ-অবরোধ প্রত্যাহার করতে হবে।

তিনি জানান, অবরোধ তুলে নেওয়া হলে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পরবর্তী দফার বৈঠক আয়োজন সম্ভব। মেহের নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করেন, আলোচনার পথ খোলা থাকলেও চাপের মুখে কোনো সমঝোতায় যেতে রাজি নয় তেহরান।

মতামত দিন