এসএসসি পরীক্ষার্থী কিশোরীকে হাতুড়ি দিয়ে আঘাত করে ডান হাত ভেঙে দিলেন চাচা।
পরীক্ষার প্রস্তুতির মাঝেই পিরোজপুরের মঠবাড়িয়ায় ভয়াবহ ঘটনার শিকার হয়েছে এক কিশোরী। পারিবারিক বিরোধের জেরে তাকে হাতুড়ি দিয়ে আঘাত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
আহত বিথী আক্তার (১৫) স্থানীয় তোফেল আকন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। মঙ্গলবার (২১ এপ্রিল) তুষখালী ইউনিয়নের শাঁখারিকাঠি গ্রামে এই ঘটনা ঘটে।
ঘটনার সূত্রপাত হয় পারিবারিক একটি তুচ্ছ বিষয় নিয়ে। বিথীর বাবা বাদল হাওলাদারের সঙ্গে আত্মীয় নজরুল ইসলাম ও রাহাতের মধ্যে আগে থেকেই উত্তেজনা ছিল। এ নিয়ে বাকবিতণ্ডা থেকে হাতাহাতির ঘটনাও ঘটে।
পরে পরিস্থিতি জানতে গিয়ে বিপাকে পড়ে বিথী নিজেই। অভিযোগ অনুযায়ী, ওই সময় নজরুল ইসলাম ক্ষিপ্ত হয়ে তার ওপর হামলা চালায় এবং হাতুড়ি দিয়ে আঘাত করে। এতে তার ডান হাত মারাত্মকভাবে ভেঙে যায়।
আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পরে অবস্থার অবনতি হওয়ায় রাতেই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঘটনা সম্পর্কে মঠবাড়িয়া থানার পরিদর্শক (তদন্ত) শেখ হেলাল উদ্দিন বলেন, বিষয়টি মৌখিকভাবে জানা গেছে। কেউ লিখিত অভিযোগ দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন