তীব্র তাপপ্রবাহে পুড়ছে রাজশাহী।
উত্তরের জনপদ রাজশাহীতে তাপপ্রবাহ আরও তীব্র আকার নিয়েছে। চলতি মৌসুমে সর্বোচ্চ তাপমাত্রা উঠেছে ৪০ ডিগ্রি সেলসিয়াসে, যা এ বছর এখন পর্যন্ত রেকর্ড।
রাজশাহী আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেল ৩টায় এই তাপমাত্রা রেকর্ড করা হয়। একই সময় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর্দ্রতা নেমে আসে মাত্র ২৯ শতাংশে, ফলে গরমের অনুভূতি আরও বেশি তীব্র হয়ে ওঠে।
তাপমাত্রা বৃদ্ধির ধারা আগের দিনগুলোতেও অব্যাহত ছিল। ২০ এপ্রিল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ২ ডিগ্রি, আর ২১ এপ্রিল তা বেড়ে দাঁড়ায় ৩৯ দশমিক ৫ ডিগ্রিতে। সর্বনিম্ন তাপমাত্রা প্রায় একই অবস্থায় থাকলেও দিনে দিনে গরমের চাপ বাড়ছে।
অস্বাভাবিক এই তাপপ্রবাহে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন শ্রমজীবী মানুষ। রিকশাচালক, দিনমজুর ও নির্মাণ শ্রমিকরা প্রখর রোদে কাজ করতে বাধ্য হচ্ছেন, ফলে তাদের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে এবং স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।
একজন রিকশাচালক বলেন, রাস্তায় মানুষ কম, প্রচণ্ড রোদের কারণে কাজ করাই কঠিন হয়ে পড়েছে। দুপুরের পর সড়কে টিকে থাকা প্রায় অসম্ভব হয়ে যাচ্ছে।
রাজশাহী আবহাওয়া অফিসের ইনচার্জ রহিদুল ইসলাম জানিয়েছেন, বিকেল ৩টায় ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা চলতি মৌসুমের সর্বোচ্চ।

মতামত দিন