খেলা-ধুলা
ছবি: সংগৃহীত

স্লো ওভার রেটের দায়ে আইসিসির শাস্তি, ম্যাচ জিতেও জরিমানা বাংলাদেশ দলের।

নিজেস্ব প্রতিবেদক:

নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে জয় পেলেও আইসিসির শাস্তি থেকে রেহাই পায়নি বাংলাদেশ। স্লো ওভার রেটের কারণে টাইগারদের ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে না পারায় এই শাস্তি আরোপ করা হয়।

আইসিসির আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী নির্ধারিত সময়ের তুলনায় প্রতি ওভারের জন্য ন্যূনতম ৫ শতাংশ করে ম্যাচ ফি কাটা হয়। সেই হিসেবে দুই ওভার কম হওয়ায় বাংলাদেশ দলের ১০ শতাংশ জরিমানা নির্ধারণ করা হয়।

ম্যাচে দায়িত্বে থাকা অনফিল্ড আম্পায়ার রিচার্ড ইলিংওর্থ ও গাজী সোহেল, থার্ড আম্পায়ার নিতিন মেনন এবং ফোর্থ আম্পায়ার মাসুদুর রহমান মুকুল সময় ঘাটতির বিষয়টি রিপোর্ট করেন। পরে আইসিসি এলিট প্যানেলের ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট শাস্তির সিদ্ধান্ত দেন।

অন্যদিকে মাঠের লড়াইয়ে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ। মিরপুরে অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে সিরিজে সমতা আনে টাইগাররা।

প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড মাত্র ১৯৮ রানে অলআউট হয়। বাংলাদেশের হয়ে নাহিদ রানা ৫ উইকেট নিয়ে কিউই ব্যাটিং লাইনআপ ভেঙে দেন।

জবাবে ব্যাট করতে নেমে তানজিদ হাসান তামিমের ৭৬ রানের ঝোড়ো ইনিংস এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্তর দায়িত্বশীল অর্ধশতকে ভর করে বাংলাদেশ সহজেই লক্ষ্যে পৌঁছে যায়। ৮৭ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে টাইগাররা।

মতামত দিন