জাতীয়
ছবি: সংগৃহীত

স্বাস্থ্য খাতে বড় নিয়োগের ঘোষণা, ১ লাখ কর্মী ও আনসার মোতায়েনের সিদ্ধান্ত।

নিজেস্ব প্রতিবেদক:

দেশের স্বাস্থ্যসেবায় জনবল সংকট মোকাবিলায় বড় ধরনের নিয়োগের পরিকল্পনার কথা জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি জানান, খুব শিগগিরই প্রায় ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে।

বুধবার (২২ এপ্রিল) রাজধানীর শাহবাগে বাংলাদেশ-চীন জয়েন্ট সার্জিক্যাল ক্লিনিক চালুর লক্ষ্যে আয়োজিত সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও জানান, উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি হাসপাতালে ১০ জন করে সশস্ত্র আনসার সদস্য মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে হামের সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, দেশে হামের সংক্রমণ বাড়লেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং আতঙ্কের কোনো কারণ নেই। আগামী ছয় মাসের জন্য পর্যাপ্ত টিকা মজুত রয়েছে বলেও তিনি জানান।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত প্রায় ২৫ হাজার ৯৩৫ জন শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা দিলেও চিকিৎসার মাধ্যমে অধিকাংশই সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

এ সময় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের উপস্থিতিতে বাংলাদেশ ও চীনের যৌথ সার্জিক্যাল ক্লিনিক এবং ভ্রাম্যমাণ চিকিৎসাসেবা চালুর বিষয়ে আলোচনা হয়। এটি জটিল অস্ত্রোপচারসহ গ্রামীণ পর্যায়ে চিকিৎসার মান উন্নয়নে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত জানান, সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে গবেষণাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

মতামত দিন