অপরাধ
ছবি: সংগৃহীত

নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ এবং গোপনে ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, যুবক গ্রেপ্তার।

নিজেস্ব প্রতিবেদক:

নোয়াখালীতে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে প্রতারণা, ধর্ষণ এবং পরবর্তীতে গোপনে ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের অভিযোগে মো. রাকিব (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

র‍্যাব-১১ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর সেরনিয়াবাত বুধবার (২২ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে সোমবার রাতে রামগঞ্জ উপজেলার পূর্ব বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‍্যাব জানায়, ঢাকার কামরাঙ্গীরচরে একটি কারখানায় কাজ করার সময় ভুক্তভোগী গৃহবধূর সঙ্গে রাকিবের পরিচয় হয়। পরিচয়ের পর সম্পর্ক গড়ে তুলে বিয়ের প্রলোভনে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করে সে।

পরে গোপনে আপত্তিকর ভিডিও ধারণ করে সেই ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেইল শুরু করে। এমনকি ভুক্তভোগীর প্রবাসী স্বামীকে ভিডিও পাঠিয়ে বিষয়টি জানিয়ে দেয় সে।

এরপর ধাপে ধাপে ভয়ভীতি দেখিয়ে ৩ লাখ ৪৭ হাজার টাকা আদায় করে এবং আরও ২ লাখ টাকা দাবি করে। টাকা না দিলে ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

র‍্যাব আরও জানায়, ভুক্তভোগীর পরিবারের করা মামলার ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আইনগত প্রক্রিয়ার জন্য তাকে সুধারাম মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

মতামত দিন