পুলিশ সুপার পদে বড় রদবদল, ১০ কর্মকর্তার দায়িত্বে পরিবর্তন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক আদেশে পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১০ কর্মকর্তার দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে। বুধবার (২২ এপ্রিল) ও এর আগের দিনের আদেশ মিলিয়ে এ রদবদল কার্যকর করা হয়।
নতুন আদেশ অনুযায়ী কিশোরগঞ্জের পুলিশ সুপার ফরহাদ হোসেনকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এ বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার মিজানুর রহমান।
একই আদেশে রংপুরের পুলিশ সুপার মারুফাত হোসাইনকে টুরিস্ট পুলিশে বদলি করা হয়েছে। অন্যদিকে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) মোজাম্মেল হককে রংপুরের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এর আগে মঙ্গলবার জারি করা পৃথক প্রজ্ঞাপনে আরও কয়েকটি পদে পরিবর্তন আনা হয়। এতে শেরপুরের পুলিশ সুপার কামরুল ইসলামকে খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়। তার স্থলে দায়িত্ব পান ডিএমপির উপকমিশনার জহিরুল ইসলাম।
এছাড়া নাটোরের পুলিশ সুপার আব্দুল ওয়াহাবকে এপিবিএনে বদলি করা হয়। পিবিআইয়ের পুলিশ সুপার শরীফুল হককে নাটোর জেলার এসপি হিসেবে নিয়োগ দেওয়া হয়।
অন্যদিকে খুলনার পুলিশ সুপার মাহবুবুর রহমানকে পিবিআইতে এবং খুলনা মহানগর পুলিশের উপকমিশনার তাজুল ইসলামকে খুলনা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জনস্বার্থে এই রদবদল কার্যকর করা হয়েছে।
মতামত দিন