সরকারি সিদ্ধান্ত ছাড়া বাসভাড়া বাড়ানো যাবে না, মালিকদের কড়া বার্তা।
ডিজেলের দাম বাড়লেও আপাতত বাসভাড়া বাড়ানোর সুযোগ নেই—এমন স্পষ্ট অবস্থান নিয়েছে পরিবহন মালিকদের শীর্ষ সংগঠন। সরকারের আনুষ্ঠানিক সিদ্ধান্ত ছাড়া অতিরিক্ত ভাড়া আদায় না করতে মালিক ও শ্রমিকদের নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) জারি করা এক বিবৃতিতে সংগঠনটির মহাসচিব মো. সাইফুল আলম এই নির্দেশনা দেন। সেখানে বলা হয়, বিদ্যমান ভাড়ার বাইরে কোনো অতিরিক্ত অর্থ আদায় করা হলে তা নিয়মবহির্ভূত হিসেবে গণ্য হবে।
সারা দেশের সব রুটে চলাচলকারী বাসের ক্ষেত্রে এই নির্দেশনা কার্যকর থাকবে বলেও জানানো হয়েছে। সংশ্লিষ্ট সবাইকে তা কঠোরভাবে অনুসরণের আহ্বান জানানো হয়েছে।
তবে একইসঙ্গে পরিবহন খাতের বাড়তি চাপের বিষয়টিও তুলে ধরা হয়েছে। ডিজেলের দাম প্রতি লিটারে ১৫ টাকা বাড়ায় পরিচালন ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে দাবি করা হয়। এর সঙ্গে যোগ হয়েছে ডলারের মূল্যবৃদ্ধির প্রভাব, যার কারণে যন্ত্রাংশ ও রক্ষণাবেক্ষণ খরচও অনেক বেড়েছে।
এই বাস্তবতায় খাতটিকে টিকিয়ে রাখতে সরকারকে দ্রুত ভাড়া সমন্বয়ের উদ্যোগ নেওয়ার অনুরোধ জানিয়েছে মালিক সমিতি।

মতামত দিন