আবহাওয়া
ছবি: সংগৃহীত

চার বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস, তাপপ্রবাহ অব্যাহত।

নিজেস্ব প্রতিবেদক:

দেশের বিভিন্ন অঞ্চলে গরমের তীব্রতার মাঝেই স্বস্তির আভাস দিচ্ছে বৃষ্টি। তবে সেই স্বস্তি সবার জন্য নয়—কিছু এলাকায় ঝড়-বৃষ্টি হলেও অন্যত্র তাপপ্রবাহ চলতেই পারে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যা পর্যন্ত ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে।

অন্যদিকে দেশের বেশিরভাগ এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। দিন ও রাতের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত নেই।

এদিকে টাঙ্গাইল, ফরিদপুর, লক্ষ্মীপুর, খুলনা, যশোর ও কুষ্টিয়াসহ রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বইছে, যা আপাতত অব্যাহত থাকতে পারে।

আগামী কয়েক দিনের পূর্বাভাসেও একই ধরনের আবহাওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত দেশের বিভিন্ন বিভাগে বিচ্ছিন্নভাবে বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে উত্তর ও পূর্বাঞ্চলে।

শুক্রবার থেকে কিছু এলাকায় দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে রাতের তাপমাত্রা প্রায় একই থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সব মিলিয়ে, বৃষ্টি থাকলেও গরমের চাপ পুরোপুরি কমার সম্ভাবনা আপাতত নেই।

মতামত দিন