অর্থনীতি
ছবি: সংগৃহীত

ফুয়েল পাস চালুর পর চাপ কমাতে সাত পাম্পে অকটেন সরবরাহ বাড়াল বিপিসি।

নিজেস্ব প্রতিবেদক:

রাজধানীতে ফুয়েল পাস অ্যাপ চালুর পর জ্বালানি সরবরাহে তৈরি হওয়া চাপ সামাল দিতে নতুন পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। নির্দিষ্ট কয়েকটি পাম্পে অতিরিক্ত অকটেন সরবরাহ বাড়ানো হয়েছে।

বিপিসির সিদ্ধান্ত অনুযায়ী, বুধবার (২২ এপ্রিল) সকাল থেকেই রাজধানীর সাতটি ফিলিং স্টেশনে আগের তুলনায় ২৫ শতাংশ বেশি অকটেন দেওয়া শুরু হয়েছে। আগে যেখানে ২০ শতাংশ অতিরিক্ত সরবরাহ ছিল, সেখানে আরও ৫ শতাংশ বাড়ানো হয়েছে।

যেসব পাম্পে এই সুবিধা কার্যকর হয়েছে সেগুলো হলো—আসাদ গেট এলাকার সোনার বাংলা সার্ভিস স্টেশন ও তালুকদার ফিলিং স্টেশন, তেজগাঁওয়ের ট্রাস্ট ফিলিং স্টেশন, মহাখালীর গুলশান সার্ভিস স্টেশন, শাহবাগের মেঘনা মডেল পাম্প, নিকুঞ্জের মডেল সার্ভিস সেন্টার এবং মিরপুর দারুসসালামের খালেক সার্ভিস স্টেশন।

সংশ্লিষ্টরা বলছেন, নতুন এই ব্যবস্থার ফলে মোটরসাইকেলচালকদের ভোগান্তি কিছুটা কমতে শুরু করেছে।

এর আগে মোটরসাইকেলে জ্বালানি সরবরাহে নিয়ন্ত্রণ আনতে পরীক্ষামূলকভাবে এসব পাম্পে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু করা হয়। পরবর্তীতে ২১ এপ্রিল থেকে এই সাতটি স্টেশনে অ্যাপ ব্যবহার বাধ্যতামূলক করে দেয় বিপিসি। এখন অ্যাপের মাধ্যমেই মোটরসাইকেলে জ্বালানি দেওয়া হচ্ছে।

মতামত দিন