অপরাধ
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জে ফের ছিনতাই আতঙ্ক: লাইভ নিউজ টিমের ওপর স/শ/স্ত্র হামলা!

নিজেস্ব প্রতিবেদক:

গতকাল ২১ এপ্রিল ২০২৬, রাত আনুমানিক ৯টা ৩৫ মিনিটে নারায়ণগঞ্জ থেকে ঢাকায় ফেরার পথে ঢাকা–নারায়ণগঞ্জ মহাসড়কের সাইনবোর্ড এলাকায় ছিনতাইকারীদের হামলার শিকার হয়েছে লাইভ নিউজ টিমের সদস্যরা।

জানা যায়, পেশাগত দায়িত্ব পালন শেষে ফেরার সময় যানজটে আটকে পড়লে হঠাৎ একদল সংঘবদ্ধ ছিনতাইকারী তাদের বহনকারী গাড়িতে হামলা চালায়।
দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে তারা মোবাইল ফোন ও নগদ অর্থ ছিনিয়ে নেয়।

ঘটনার সময় গাড়িতে উপস্থিত ছিলেন লাইভ নিউজের সম্পাদক ও প্রকাশক এম. সুজন হোসাইন, ক্রাইম রিপোর্টার ইয়াকুব আলী এবং গাড়ি চালাচ্ছিলেন ক্রাইম রিপোর্টার জসিম উদ্দিন। এ ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি না হলেও সম্পাদক ও প্রকাশক এম. সুজন হোসাইন এবং ক্রাইম রিপোর্টার জসিম উদ্দিন সামান্য আহত হয়েছেন।

ঘটনার পরপরই লাইভ নিউজ কর্তৃপক্ষ এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। সম্পাদক ও প্রকাশক বলেন, “সাইনবোর্ড এলাকা দীর্ঘদিন ধরে ছিনতাইকারীদের নিরাপদ আশ্রয়স্থলে পরিণত হয়েছে। নিয়মিত এ ধরনের অপরাধ সংঘটিত হওয়া সত্ত্বেও কার্যকর পদক্ষেপের অভাব দৃষ্টিগোচর। এটি শুধু সাংবাদিকদের জন্য নয়, সাধারণ মানুষের নিরাপত্তার জন্যও বড় হুমকি।”

তিনি আরও বলেন, “গাড়িতে স্পষ্টভাবে ‘প্রেস’ স্টিকার থাকা সত্ত্বেও এ ধরনের হামলা প্রমাণ করে অপরাধীরা কতটা বেপরোয়া হয়ে উঠেছে। আমরা এ ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জোর দাবি জানাচ্ছি।”

একইসঙ্গে তিনি বলেন, সাইনবোর্ডসহ ঢাকা–নারায়ণগঞ্জ মহাসড়কের ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোতে নিয়মিত পুলিশ টহল জোরদার করা, সিসিটিভি নজরদারি বৃদ্ধি ও কার্যকর মনিটরিং নিশ্চিত করা, পূর্বে সংঘটিত ছিনতাইয়ের ঘটনাগুলো তদন্ত করে সংঘবদ্ধ অপরাধচক্র শনাক্ত করা, দ্রুত বিচার প্রক্রিয়ার মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং গণমাধ্যমকর্মীসহ সাধারণ যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা এখন সময়ের দাবি।

সাধারণ নাগরিক ও গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে ভবিষ্যতে আরও বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কা রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মতামত দিন