আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ভারতীয় বিমানের জন্য আকাশসীমা বন্ধ রাখার মেয়াদ আবার বাড়াল পাকিস্তান।

নিজেস্ব প্রতিবেদক:

ভারতীয় উড়োজাহাজের জন্য নিজেদের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা আরও দীর্ঘায়িত করেছে পাকিস্তান। নতুন নির্দেশনা অনুযায়ী, এই বিধিনিষেধ এখন আগামী মাসের শেষ ভাগ পর্যন্ত কার্যকর থাকবে।

দেশটির বিমান চলাচল কর্তৃপক্ষ এক নোটাম জারি করে জানায়, ২০২৬ সালের ২৪ মে ভোর ৫টা পর্যন্ত ভারতীয় নিবন্ধিত কিংবা ভারত-সংযুক্ত কোনো বিমান—চাই তা বাণিজ্যিক হোক বা সামরিক—পাকিস্তানের আকাশপথ ব্যবহার করতে পারবে না।

প্রায় এক বছর আগে শুরু হওয়া এই নিষেধাজ্ঞার পেছনে রয়েছে দুই দেশের মধ্যে তীব্র উত্তেজনা। কাশ্মীরের পেহেলগামে হামলার পর পরিস্থিতি দ্রুত অবনতি ঘটে। এরপর ভারত সিন্ধু পানি চুক্তি স্থগিত করলে পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তান আকাশসীমা বন্ধের সিদ্ধান্ত নেয়।

এই সিদ্ধান্তের সরাসরি প্রভাব পড়ে ভারতীয় এয়ারলাইন্সগুলোর ওপর। দীর্ঘ রুট ব্যবহার করতে বাধ্য হওয়ায় তাদের আর্থিক ক্ষতির পরিমাণ কয়েক বিলিয়ন রুপিতে পৌঁছেছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়।

পাকিস্তানের এই পদক্ষেপের জবাবে ভারতও একই পথে হাঁটে। এপ্রিলের শেষ দিকে ইসলামাবাদের উড়োজাহাজের জন্য নিজেদের আকাশপথ বন্ধ করে দেয় নয়াদিল্লি।

এর মধ্যেই দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনাও চরমে পৌঁছায়। মে মাসের শুরুতে হামলা-পাল্টা হামলার অভিযোগ ওঠে উভয় পক্ষের বিরুদ্ধে। পাকিস্তান দাবি করে, তাদের অভিযানে ভারতের একাধিক যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে, যদিও এ নিয়ে ভিন্নমত রয়েছে।

পরিস্থিতি আরও জটিল হয়ে উঠলেও শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ১০ মে যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই দেশ। প্রায় ৮৭ ঘণ্টার টানটান উত্তেজনার পর সেই সমঝোতায় আপাতত সংঘাত থামে।

উল্লেখ্য, অতীতেও কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। ১৯৯৯ সালের কারগিল সংঘাত এবং ২০১৯ সালের পুলওয়ামা ঘটনার পরও পাকিস্তান একই ধরনের আকাশসীমা নিষেধাজ্ঞা জারি করেছিল, যার বড় প্রভাব পড়েছিল ভারতীয় বিমান চলাচলে।

মতামত দিন