এমপিদের যাতায়াতে জন্য গাড়ি চাইলেন হাসনাত আবদুল্লাহ।
সংসদ সদস্যদের জন্য সরকারি গাড়ির সুবিধা না থাকায় নির্বাচনী এলাকায় চলাচলে সমস্যার কথা তুলে ধরেছেন কুমিল্লা-৪ আসনের এমপি হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, উপজেলায় অফিস পাওয়ার উদ্যোগ প্রশংসনীয় হলেও জনগণের কাছে পৌঁছাতে পরিবহন সুবিধাও জরুরি।
মঙ্গলবার (২১ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি এ বিষয়টি উত্থাপন করেন। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) অধিবেশনে সভাপতিত্ব করছিলেন।
হাসনাত আবদুল্লাহর ভাষ্য, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা চেয়ারম্যানদের জন্য সরকারি গাড়ি থাকলেও সংসদ সদস্যদের জন্য এমন ব্যবস্থা নেই। ফলে অনেক সময় ভাড়া করা গাড়িতে এলাকায় যেতে হয়, যা বিব্রতকর পরিস্থিতি তৈরি করে। তিনি মনে করেন, জনগণের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে একটি গাড়ির ব্যবস্থা থাকলে তা কার্যকর ভূমিকা রাখবে।
তার এই বক্তব্যের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, সরকার ইতোমধ্যে সংসদ সদস্যদের জন্য অতিরিক্ত সুবিধা সীমিত রাখার নীতিতে রয়েছে। তিনি বলেন, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান শুরু থেকেই এমপিদের জন্য বাড়তি বিলাসিতা না রাখার বিষয়ে নির্দেশনা দিয়েছেন। এমনকি করমুক্ত গাড়ির সুবিধা বাতিলের বিষয়টিও বিবেচনায় রয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে ব্যয় সংকোচন নীতি অনুসরণ করা হচ্ছে। জ্বালানি খাতে বরাদ্দ কমানোসহ বিভিন্ন সুবিধা সীমিত করা হয়েছে। তবে বিষয়টি নিয়ে আলোচনা করে কোনো সমাধান বের করা যায় কি না, সে বিষয়ে তিনি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করবেন।
এদিকে বিরোধী দলের নেতা ডা. শফিকুর রহমান এ বিষয়ে বক্তব্য দিতে গিয়ে কিছুটা রসিকতা করেন। তিনি বলেন, তরুণ এমপির দাবিকে সরাসরি নাকচ না করে বিবেচনার আশ্বাস দিলে ভালো হতো। তার এই মন্তব্যে সংসদে হাস্যরসের সৃষ্টি হয়।
পরবর্তীতে স্পিকার বিষয়টি পরিষ্কার করে বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যের শেষাংশে বিষয়টি বিবেচনার কথাই উল্লেখ করেছেন।

মতামত দিন