তারাকান্দায় পলিটেকনিক শিক্ষার্থী হত্যা, ৭ জনের ফাঁসি, দুই নারীর কারাদণ্ড।
দীর্ঘ বিচারপ্রক্রিয়া শেষে ময়মনসিংহের তারাকান্দায় পলিটেকনিক শিক্ষার্থী শাহীনুর আলম ওরফে ইকবাল হত্যা মামলার রায় ঘোষণা করেছে আদালত। এতে সাতজনকে মৃত্যুদণ্ড এবং দুই নারীকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার বিকেলে ময়মনসিংহের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ জাকির হোসেন এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন—আসিফ রানা নাঈম, গোলাম হোসেন, আব্দুল হেলিম, মোহাম্মদ আলী, ফরিদ আহম্মেদ বাবু, ইউনুছ আলী ও শামছুল হক। অন্যদিকে খালেদা আক্তার ও রেহেনা খাতুনকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
রায়ের অংশ হিসেবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ৫০ হাজার টাকা এবং কারাদণ্ডপ্রাপ্ত দুই নারীকে ২৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। নির্ধারিত অর্থ পরিশোধ না করলে তাদের অতিরিক্ত কারাদণ্ড ভোগ করতে হবে।
আদালতের পরিদর্শক মোস্তাছিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘটনার সূত্রপাত ২০২১ সালের মে মাসে। ওই বছরের ৩১ মে রাতে তারাকান্দার বাসিন্দা এবং রুমডো পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের সিভিল বিভাগের শিক্ষার্থী শাহীনুর আলম নিখোঁজ হন। কয়েকদিন পর, ৬ জুন একটি সেপটিক ট্যাংক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনার পর নিহতের বড় ভাই সেলিম মিয়া থানায় মামলা করেন। তদন্তের এক পর্যায়ে আসামিদের স্বীকারোক্তি থেকে আরও জড়িতদের নাম সামনে আসে। পরে তদন্ত শেষে মোট নয়জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় ঘোষণা করেন।

মতামত দিন