জাতীয়
ছবি: সংগৃহীত

চিফ হুইপকে ঘিরে সাইবার মামলায় জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর নাসিম।

নিজেস্ব প্রতিবেদক:

জাতীয় সংসদের চিফ হুইপকে নিয়ে অনলাইন প্ল্যাটফর্মে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো ও ব্ল্যাকমেইলের অভিযোগে করা মামলায় জামিন পেয়েছেন সাবেক শিবির নেতা ও কনটেন্ট নির্মাতা এ এম হাসান নাসিম।

মঙ্গলবার (২১ এপ্রিল) আদালত শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।

এর আগে, তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। সংশ্লিষ্ট কর্মকর্তা উপপরিদর্শক মো. রায়হানুর রহমান এই আবেদন করেন। তবে আসামিপক্ষের আইনজীবী জহিরুল ইসলাম রিমান্ডের বিরোধিতা করে জামিনের আবেদন জানান। উভয় পক্ষের যুক্তি শুনে আদালত রিমান্ড আবেদন খারিজ করে দেন।

মামলার নথিতে উল্লেখ করা হয়, গত শুক্রবার (১৭ এপ্রিল) রাতে রাজধানীর শেরেবাংলা নগর এলাকার বনলতা আবাসিক এলাকা থেকে তাকে আটক করা হয়। ডিবির একটি দল উপপরিদর্শক বিনয় কুমার রায়ের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

অভিযোগের সূত্রপাত সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি অ্যাকাউন্ট থেকে করা পোস্টকে কেন্দ্র করে। সেখানে জাতীয় সংসদের চিফ হুইপকে ঘিরে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে বলে অভিযোগ রয়েছে। একই অ্যাকাউন্ট থেকে একাধিকবার এমন কনটেন্ট প্রকাশ করা হয় বলেও তদন্তে উঠে এসেছে।

এছাড়া, চিফ হুইপের ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নম্বরে বিভিন্ন স্ক্রিনশট পাঠিয়ে চাপ প্রয়োগ বা ব্ল্যাকমেইলের চেষ্টার অভিযোগও রয়েছে।

ঘটনাটির পরিপ্রেক্ষিতে নজরুল ইসলাম নামে এক ব্যক্তি রাজধানীর গুলশান থানায় সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন।

মতামত দিন