অর্থনীতি
ছবি: সংগৃহীত

অর্থনৈতিক নীতিতে সমঝোতার সুযোগ নেই,সংসদে বিএনপির অবস্থান তুলে ধরলেন আমির খসরু।

নিজেস্ব প্রতিবেদক:

জাতীয় সংসদে অর্থনৈতিক ইস্যুতে বিএনপির অবস্থান তুলে ধরে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দলের অর্থনৈতিক নীতিতে কারও সঙ্গে সমঝোতার কোনো সুযোগ নেই।

তিনি দাবি করেন, বিএনপি যখনই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিল, তখন দেশের আর্থিক শৃঙ্খলা নিয়ে বড় কোনো প্রশ্ন ওঠেনি।

তার ভাষায়, সেই সময় ম্যাক্রো অর্থনীতি, সামষ্টিক স্থিতিশীলতা কিংবা শেয়ারবাজার—সবই তুলনামূলকভাবে স্থিতিশীল ছিল।

মঙ্গলবার (২১ এপ্রিল) সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রশ্নের সময় হাসনাত আব্দুল্লাহ ব্যাংক খাতে বড় অঙ্কের খেলাপি ঋণ ও অর্থপাচারের প্রসঙ্গ তুলে ধরেন। বিশেষ করে ইসলামী ব্যাংক ও জনতা ব্যাংকের বিপুল ঋণ এবং কয়েকটি ব্যবসায়ী গোষ্ঠীর সঙ্গে এর সংশ্লিষ্টতা নিয়ে তিনি সরকারের পদক্ষেপ জানতে চান।

জবাবে আমির খসরু বলেন, ব্যাংক থেকে ঋণ নিয়ে যারা অনিয়ম করেছে বা বিদেশে চলে গেছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি জানান, অর্থ উদ্ধার করতে আন্তর্জাতিক পর্যায়ের বিশেষজ্ঞ ফার্ম নিয়োগ করা হয়েছে।

তার বক্তব্য অনুযায়ী, সরকার একদিকে বিভিন্ন দেশের সঙ্গে সমন্বয় করে কাজ করছে, অন্যদিকে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ের রিকভারি সংস্থাগুলোর মাধ্যমেও পাচার হওয়া অর্থ ফেরত আনার চেষ্টা চলছে। তিনি আশা প্রকাশ করেন, এসব উদ্যোগের মাধ্যমে ভবিষ্যতে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ পুনরুদ্ধার সম্ভব হবে।

মতামত দিন