অর্থনীতি
ছবি: সংগৃহীত

শান্তি আলোচনার আশায় বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম।

নিজেস্ব প্রতিবেদক:

মধ্যপ্রাচ্যকে ঘিরে কূটনৈতিক আলোচনার নতুন সম্ভাবনা সামনে আসতেই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম নিম্নমুখী হয়েছে। পাকিস্তানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনার সম্ভাবনা তৈরি হওয়াকে কেন্দ্র করে বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে আস্থা ফিরে এসেছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) প্রকাশিত এক প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম রয়টার্স এ তথ্য জানায়।

এর আগের দিন বাজার ছিল সম্পূর্ণ ভিন্ন চিত্রে। সোমবার (২০ এপ্রিল) আলোচনা অনিশ্চিত হয়ে পড়ায় সরবরাহ পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়, যার ফলে একদিনেই তেলের দাম প্রায় ৬ শতাংশ বেড়ে যায়।

তবে পরদিনই পরিস্থিতি উল্টে যায়। বাজারে সরবরাহ স্থিতিশীল হতে পারে—এমন প্রত্যাশায় দাম কমতে শুরু করে। সেই ধারায় ব্রেন্ট ক্রুডের দর ব্যারেলপ্রতি ৫৪ সেন্ট কমে দাঁড়ায় ৯৪ দশমিক ৯৪ ডলারে।

একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দামও কমে যায়। মে মাসের ডেলিভারির জন্য নির্ধারিত এই তেল ব্যারেলপ্রতি ১ দশমিক ১১ ডলার কমে নেমে আসে ৮৮ দশমিক ৫০ ডলারে।

বিশ্লেষকরা বলছেন, আলোচনার সম্ভাবনা বাজারে অনিশ্চয়তা কিছুটা কমিয়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে দামে।

শুধু জ্বালানি বাজার নয়, এশিয়ার শেয়ারবাজারেও একই ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। যুক্তরাষ্ট্র–ইরান আলোচনার অগ্রগতি নিয়ে ইতিবাচক প্রত্যাশা তৈরি হওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এসেছে বলে ধারণা করা হচ্ছে।

মতামত দিন