বিপুল পরিমাণ জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে পাঁচটি জাহাজ।
দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে বড় ধরনের চালান এসেছে চট্টগ্রাম বন্দরে। একসঙ্গে পাঁচটি জাহাজে করে মোট ১ লাখ ৬৯ হাজার মেট্রিক টন ডিজেল ও অকটেন পৌঁছেছে বন্দরে।
মঙ্গলবার (২১ এপ্রিল) বন্দর কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করে জানায়, এর মধ্যে দুটি জাহাজ থেকে ইতোমধ্যে জ্বালানি খালাস শুরু হয়েছে।
ডলফিন জেটিতে নোঙর করা ‘এমটি ওকট্রি’ ও ‘এমটি কেপ বনি’ নামের জাহাজ দুটি থেকে সোমবার থেকেই জ্বালানি নামানো হচ্ছে। ‘এমটি ওকট্রি’তে প্রায় ৩৫ হাজার মেট্রিক টন ডিজেল এবং ‘এমটি কেপ বনি’তে প্রায় ৩৩ হাজার মেট্রিক টন ডিজেল রয়েছে। ফলে এই দুই জাহাজ মিলিয়ে প্রায় ৬৮ হাজার মেট্রিক টন ডিজেল খালাস করা হচ্ছে।
বন্দরের বহির্নোঙরে আরও তিনটি জাহাজ খালাসের অপেক্ষায় আছে। এর মধ্যে ‘এমটি লিয়ান সং হু’ জাহাজে রয়েছে প্রায় ৪১ হাজার মেট্রিক টন ডিজেল। ‘এমটি প্যাসিফিক ইন্ডিগো’তে রয়েছে ৩৩ হাজার মেট্রিক টন ডিজেল, আর ‘এমটি নাভে সিয়েলো’ জাহাজে রয়েছে প্রায় ২৭ হাজার মেট্রিক টন অকটেন।
বিপিসির জনসংযোগ বিভাগের সহকারী মহাব্যবস্থাপক ফারজিন হাসান মৌমিতা জানান, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে দ্রুতগতিতে খালাস কার্যক্রম চলছে। খালাস শেষে এসব জ্বালানি দ্রুত দেশের বিভিন্ন ডিপোতে পাঠানো হবে।
বন্দর সংশ্লিষ্টরা বলছেন, এসব চালান ধাপে ধাপে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হবে, যা জাতীয় মজুত আরও শক্তিশালী করবে এবং বিদ্যুৎ, পরিবহন ও শিল্প খাতে জ্বালানি সরবরাহ স্থিতিশীল রাখতে সহায়তা করবে।
এছাড়া আরও কয়েকটি জাহাজ ইতোমধ্যে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করেছে, যেগুলো শিগগিরই বন্দরে নোঙর করে খালাস কার্যক্রমে যুক্ত হবে বলে জানা গেছে।
মতামত দিন