সৌদি আরবে ২২ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট ইস্যু: স্বরাষ্ট্রমন্ত্রী।
সৌদি আরবে অবস্থানরত রোহিঙ্গাদের পাসপোর্ট ইস্যু নিয়ে অগ্রগতির তথ্য দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন, এখন পর্যন্ত সেখানে থাকা ২২ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দেওয়া হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) সচিবালয়ে নিজ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহর সঙ্গে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।
বৈঠকে সৌদি রাষ্ট্রদূত জানান, দেশটিতে বর্তমানে প্রায় ৬৯ হাজার রোহিঙ্গা রয়েছেন এবং তাদের পাসপোর্ট সংক্রান্ত প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন।
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রয়োজনীয় কাগজপত্র ও যাচাই-বাছাইয়ের ভিত্তিতে ইতোমধ্যে ২২ হাজার ব্যক্তিকে পাসপোর্ট দেওয়া হয়েছে। বাকি প্রক্রিয়াও দ্রুত শেষ করতে একটি বিশেষ টিম কাজ করছে। তিনি আরও জানান, এই প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না।
যারা প্রয়োজনীয় শর্ত পূরণ করবেন এবং যাদের নথিপত্র সঠিক থাকবে, তাদের বিষয়টি দ্রুত নিষ্পত্তি করা হবে বলেও তিনি উল্লেখ করেন। একই সঙ্গে সৌদি পক্ষ থেকে পাওয়া তালিকা পুনরায় যাচাইয়ের নির্দেশনা দেওয়া হয়েছে।
বৈঠকে দুই দেশের পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়। এর মধ্যে ছিল নিরাপত্তা, আইনশৃঙ্খলা, জ্বালানি ও পর্যটন খাতে বিনিয়োগ বৃদ্ধির বিষয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সৌদি আরব বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ সহযোগী দেশ। জনশক্তি রপ্তানির পাশাপাশি জ্বালানি ও পর্যটন খাতে তাদের বিনিয়োগ আরও বাড়ানোর সুযোগ রয়েছে।
আলোচনা শেষে সৌদি রাষ্ট্রদূত স্বরাষ্ট্রমন্ত্রীকে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল নিয়ে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানান। মন্ত্রী আমন্ত্রণ গ্রহণ করে জানান, তিনি আগামী জুলাই মাসের প্রথমার্ধে সফরের পরিকল্পনা বিবেচনা করছেন।
মতামত দিন