তিন জেলার এসপিসহ পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে বড় রদবদল।
পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদল আনা হয়েছে। তিন জেলার পুলিশ সুপারসহ মোট ছয় কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-১ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব তৌছিফ আহমেদ।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, শেরপুর জেলার পুলিশ সুপার মো. কামরুল ইসলামকে খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। অন্যদিকে খুলনা মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ তাজুল ইসলামকে খুলনা জেলার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে খুলনা জেলার বর্তমান পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমানকে বদলি করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এ সংযুক্ত করা হয়েছে।
এছাড়া ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) এ কে এম জহিরুল ইসলামকে শেরপুর জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
অন্যদিকে নাটোর জেলার পুলিশ সুপার মুহাম্মদ আবদুল ওয়াহাবকে বদলি করে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) সংযুক্ত করা হয়েছে। একই সঙ্গে পিবিআইয়ের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হককে নাটোর জেলার নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে আরও জানানো হয়েছে, জনস্বার্থে জারি করা এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।
মতামত দিন