বিশ্ব এখন ইতিহাসের সবচেয়ে বড় জ্বালানি সংকটের মুখে রয়েছে: আইইএ প্রধান।
বিশ্বজুড়ে জ্বালানি পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে বলে সতর্ক করেছেন আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) প্রধান ফাতিহ বিরল। তার মতে, ইরান–যুক্তরাষ্ট্র সংঘাতসহ চলমান ভূরাজনৈতিক টানাপোড়েন বৈশ্বিক জ্বালানি ব্যবস্থাকে ইতিহাসের সবচেয়ে বড় সংকটের দিকে ঠেলে দিয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) আলজাজিরার এক প্রতিবেদনে বিষয়টি উঠে আসে।
ফ্রান্সের ইন্টার রেডিওকে দেওয়া বক্তব্যে ফাতিহ বিরল বলেন, জ্বালানি বাজার আগে থেকেই চাপের মধ্যে ছিল, কিন্তু সাম্প্রতিক সংঘাত ও সরবরাহ ব্যবস্থার বিঘ্ন পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। রাশিয়া–সম্পর্কিত প্রভাব, পাশাপাশি তেল ও গ্যাস সরবরাহে অনিশ্চয়তা মিলিয়ে সংকট এখন ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে।
তিনি জানান, সংকট মোকাবিলায় গত মার্চে আইইএ সদস্য দেশগুলো তাদের কৌশলগত মজুত থেকে প্রায় ৪০০ মিলিয়ন ব্যারেল তেল বাজারে ছাড়ার উদ্যোগ নেয়, যা ছিল একটি বড় সমন্বিত পদক্ষেপ।
বিশ্বের মোট তেল পরিবহনের একটি বড় অংশ হরমুজ প্রণালি দিয়ে যায়। ওই গুরুত্বপূর্ণ রুটে উত্তেজনা শুরু হয় ২৮ ফেব্রুয়ারি, যখন ইরান–যুক্তরাষ্ট্র সংঘাতের প্রেক্ষিতে সেখানে বাধা সৃষ্টি হয়। এতে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ও সরবরাহে বড় ধাক্কা লাগে।
পরে কিছু সময়ের জন্য প্রণালি খুলে দেওয়া হলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। তবে পুনরায় উত্তেজনা বাড়ার পর আবারও সরবরাহ ব্যবস্থায় চাপ তৈরি হয়েছে, যার প্রভাব পড়ছে বৈশ্বিক জ্বালানি বাজারে।

মতামত দিন