বিজ্ঞান ও প্রযুক্তি
ছবি: সংগৃহীত

অ্যাপলের নেতৃত্বে বড় পরিবর্তন, সিইও পদ ছাড়ছেন টিম কুক।

নিজেস্ব প্রতিবেদক:

অ্যাপলের দীর্ঘদিনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টিম কুক পদত্যাগ করতে যাচ্ছেন। প্রায় ১৫ বছর দায়িত্ব পালনের পর তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

তার জায়গায় দায়িত্ব নিতে যাচ্ছেন কোম্পানির জ্যেষ্ঠ নির্বাহী জন টার্নাস। বর্তমানে তিনি অ্যাপলের হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান হিসেবে কর্মরত।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১ সেপ্টেম্বর থেকে জন টার্নাস আনুষ্ঠানিকভাবে অ্যাপলের নতুন সিইও হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। অন্যদিকে টিম কুক কোম্পানির নির্বাহী চেয়ারম্যান হিসেবে থাকবেন এবং নেতৃত্ব হস্তান্তরের প্রক্রিয়ায় ভূমিকা রাখবেন।

২০১১ সালে স্টিভ জবস অসুস্থতার কারণে পদ ছাড়ার পর টিম কুক অ্যাপলের দায়িত্ব নেন। তার নেতৃত্বে প্রতিষ্ঠানটি প্রযুক্তি জগতে আরও শক্ত অবস্থান তৈরি করে এবং বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানিগুলোর একটিতে পরিণত হয়। ২০১৮ সালে অ্যাপল প্রথমবারের মতো ১ ট্রিলিয়ন ডলারের বাজারমূল্য অতিক্রম করে, যা পরবর্তীতে প্রায় ৪ ট্রিলিয়ন ডলারে পৌঁছে যায়।

নতুন দায়িত্ব নিতে যাওয়া জন টার্নাস অ্যাপলে দুই দশকেরও বেশি সময় ধরে কাজ করছেন। আইফোন, আইপ্যাড ও ম্যাকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পণ্যের উন্নয়নে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। বিশ্লেষকদের মতে, তার নেতৃত্বে অ্যাপল ভবিষ্যতে নতুন উদ্ভাবন ও হার্ডওয়্যার উন্নয়নে আরও জোর দিতে পারে।

মতামত দিন