প্রশ্নফাঁসের শঙ্কা নেই, কঠোর নজরদারিতে এসএসসি পরীক্ষা চলছে: শিক্ষামন্ত্রী।
এসএসসি ও সমমানের চলমান পরীক্ষায় প্রশ্নফাঁসের কোনো সুযোগ নেই বলে দৃঢ়ভাবে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, দেশজুড়ে একযোগে পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে এবং এখন পর্যন্ত প্রশ্নফাঁস সংক্রান্ত কোনো অভিযোগ বা ঘটনা সামনে আসেনি।
মঙ্গলবার (২১ এপ্রিল) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।
শিক্ষামন্ত্রী জানান, সম্ভাব্য কোনো অনিয়ম বা অভিযোগ সামনে এলে তা যাচাইয়ের জন্য সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করে রাখা হচ্ছে এবং প্রয়োজন হলে তা বিশ্লেষণ করা হবে।
তিনি আরও বলেন, প্রশ্নপত্র ফাঁস রোধে আধুনিক প্রযুক্তি ও সাইবার নজরদারি ব্যবস্থা আরও শক্তিশালী করা হয়েছে। পরীক্ষার সঙ্গে যুক্ত দায়িত্বশীল ব্যক্তিদের তথ্য সাইবার নিরাপত্তা সংস্থার কাছে আগে থেকেই সংরক্ষিত আছে, যাতে কোনো অনিয়ম দেখা দিলে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়। তার মতে, দেশে প্রয়োজনীয় প্রযুক্তিগত সক্ষমতা রয়েছে এবং তা যথাযথভাবে ব্যবহার করা হচ্ছে।
হঠাৎ করে কেন্দ্র পরিদর্শনের বিষয়ে তিনি জানান, পরিকল্পনা জানিয়ে গেলে প্রকৃত পরিস্থিতি বোঝা কঠিন হয়ে পড়ে। তাই তিনি কোনো ধরনের প্রটোকল বা আনুষ্ঠানিকতা ছাড়া সরাসরি পরিদর্শনে যান, যাতে বাস্তব চিত্র পর্যবেক্ষণ করা যায়।
তিনি আরও উল্লেখ করেন, ডিএমপি কমিশনারের অনুরোধে পরীক্ষাকেন্দ্রগুলো সকাল ৮টা থেকেই খোলা রাখা হয়েছে, যাতে দূর-দূরান্ত থেকে আসা পরীক্ষার্থীরা কোনো ভোগান্তিতে না পড়ে। দেরিতে আসা পরীক্ষার্থীদের বিভ্রান্ত না হয়ে সহযোগিতা করার আহ্বানও জানান শিক্ষামন্ত্রী।

মতামত দিন