বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিনের আমদানি–রপ্তানি বন্ধ, ইমিগ্রেশনেও সীমিত চলাচল।
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে তিন দিন সব ধরনের আমদানি–রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।
বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) পর্যন্ত এই বন্ধ কার্যকর থাকবে।
স্থলবন্দর ও ইমিগ্রেশন সূত্র জানায়, নির্বাচনী নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় ভারতের পক্ষ থেকে এই সময়সীমায় সীমান্ত কার্যক্রম সীমিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে ঝুঁকিপূর্ণ এলাকায় ভোটগ্রহণ প্রক্রিয়াকে নির্বিঘ্ন রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
এ সময়ে জরুরি প্রয়োজন ছাড়া পাসপোর্টধারী যাত্রীদের পারাপারও সীমিত থাকবে। ভারতীয় কর্তৃপক্ষ সাধারণ যাত্রী গ্রহণ না করায় ইমিগ্রেশন কার্যত বন্ধ অবস্থায় থাকবে বলে জানানো হয়েছে।
বাংলাবান্ধা স্থলবন্দরের ম্যানেজার ও ইনচার্জ আবুল কালাম আজাদ জানিয়েছেন, নির্ধারিত সময় পর্যন্ত বন্দর সম্পূর্ণভাবে আমদানি–রপ্তানি কার্যক্রম থেকে বিরত থাকবে এবং ছুটির পর নিয়মিত কার্যক্রম পুনরায় চালু হবে।
অন্যদিকে ইমিগ্রেশন কর্মকর্তারা বলছেন, বন্দর খোলা থাকলেও যাত্রী চলাচল নির্ভর করবে ভারতের পক্ষের অনুমতির ওপর। ফলে কার্যত এই সময়টায় সীমান্ত পারাপার স্থবির থাকবে।

মতামত দিন