নেতানিয়াহু চান পাকিস্তানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য আলোচনা ব্যর্থ হোক।
ইরান ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আলোচনার ভবিষ্যৎ নিয়ে মধ্যপ্রাচ্যে নতুন কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। বিশেষ করে পাকিস্তানে হতে যাওয়া বৈঠক ভেস্তে গেলে সামরিক ও রাজনৈতিকভাবে সুবিধা পাবে ইসরায়েল—এমন মূল্যায়ন উঠে এসেছে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে।
আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার ঘনিষ্ঠ রাজনৈতিক মহল চাইছে আলোচনার প্রক্রিয়াটি সফল না হোক। তাদের ধারণা, আলোচনা ব্যর্থ হলে ইরান ও লেবাননের বিরুদ্ধে সামরিক তৎপরতা অব্যাহত রাখা আরও সহজ হবে।
বর্তমান পরিস্থিতিতে ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা কিছুটা স্থগিত অবস্থায় রয়েছে। তবে এই বিরতিকে স্থায়ী শান্তির সুযোগ না ভেবে কৌশলগত সময় হিসেবে দেখছে তেলআবিব।
বিশ্লেষকদের মতে, ইসরায়েল একদিকে ইরান এবং অন্যদিকে লেবানন—দুই দিকেই চাপ বজায় রাখতে চায়। কিন্তু কূটনৈতিক অগ্রগতির সম্ভাবনা তাদের সেই পরিকল্পনায় অনিশ্চয়তা তৈরি করছে।
এ অবস্থায় লেবানন ঘিরে হুমকি আরও স্পষ্ট হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ সম্প্রতি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, শত্রুপক্ষের নেতাদের “চড়া মূল্য” দিতে হবে।
সামগ্রিকভাবে দেখা যাচ্ছে, ইসরায়েল শুধু সামরিক অবস্থান নয়, কূটনৈতিক সমঝোতার ক্ষেত্রেও প্রভাব বিস্তারের চেষ্টা করছে—যাতে ভবিষ্যতে ইরান বা লেবাননের বিরুদ্ধে তাদের অভিযান বাধাগ্রস্ত না হয়।
মতামত দিন