ক্যানসার হাসপাতালের উপ-পরিচালককে ছুরিকাঘাত, প্রধান আসামিসহ ৫ জন গ্রেপ্তার।
রাজধানীতে জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের উপ-পরিচালক ড. আহমদ হোসেনকে ছুরিকাঘাতের ঘটনায় দ্রুত অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে র্যাব জানায়, ঘটনার পরপরই তারা অভিযান শুরু করে এবং ২৪ ঘণ্টার মধ্যে মূল অভিযুক্তসহ চক্রটির কয়েকজন সদস্যকে আটক করতে সক্ষম হয়।
গতকাল দুপুরে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে ব্র্যাক বিশ্ববিদ্যালয় এলাকার পেছনের একটি গলিতে হামলার শিকার হন ড. আহমদ হোসেন। সেখানে দুই যুবক তাকে পিছন থেকে আঘাত করে পালিয়ে যায়।
স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী দীর্ঘদিন ধরে টেন্ডার সংক্রান্ত বিষয়ে বিদেশি নম্বর ব্যবহার করে একটি চক্রের কাছ থেকে হুমকি পেয়ে আসছিলেন। তদন্তকারীরা ধারণা করছেন, সেই বিরোধ থেকেই পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে।
ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এর আগেও আরও দুজনকে আটক করা হয়েছিল। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, পুরো চক্র শনাক্তে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।
মতামত দিন