আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

বলপ্রয়োগে নতি স্বীকার না করার ঘোষণা পেজেশকিয়ানের।

নিজেস্ব প্রতিবেদক:

ইরানের জনগণ কোনো ধরনের চাপ বা বলপ্রয়োগের কাছে মাথা নত করবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রতি ইরানের দীর্ঘদিনের গভীর অবিশ্বাস রয়েছে, যা এখনো দূর হয়নি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, অতীতের অভিজ্ঞতা এবং সাম্প্রতিক সময়ের মার্কিন কর্মকর্তাদের অবস্থান ইরানের আস্থাহীনতাকে আরও বাড়িয়েছে।

পেজেশকিয়ানের মতে, যুক্তরাষ্ট্রের বিভিন্ন বক্তব্য ও অবস্থান পরস্পরবিরোধী, যা আলোচনার পরিবেশকে জটিল করে তুলছে। তার দাবি, এসব বার্তা ইঙ্গিত দেয় যে ইরানের ওপর চাপ প্রয়োগের চেষ্টা চলছে।

তবে তিনি বলেন, কেবল প্রতিশ্রুতি রক্ষা ও পারস্পরিক সম্মান বজায় থাকলেই অর্থবহ আলোচনা সম্ভব হতে পারে।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইরানের সঙ্গে একটি চুক্তি দ্রুত সম্পন্ন হওয়ার ইঙ্গিত দিয়েছেন বলে দাবি করা হয়েছে। তবে এ বিষয়ে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে।

কিছু সূত্রের বরাতে বলা হয়, ইরানের সঙ্গে আলোচনার জন্য মার্কিন প্রতিনিধিদল পাকিস্তানের দিকে যাচ্ছে। কিন্তু অন্যদিকে আবার জানা গেছে, প্রতিনিধি দলের নেতৃত্বে থাকা ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এখনো যুক্তরাষ্ট্র ত্যাগ করেননি।

অন্য একটি সূত্র জানিয়েছে, পাকিস্তানে সম্ভাব্য আলোচনায় অংশ নেওয়ার বিষয়টি ইরান বিবেচনা করছে, তবে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।

সব মিলিয়ে দুই দেশের মধ্যে আলোচনা ঘিরে অনিশ্চয়তা ও জল্পনা অব্যাহত রয়েছে।

সূত্র: রয়টার্স

মতামত দিন