রাজধানীতে ডিএমপির অভিযানে ৬০ জন গ্রেপ্তার।
রাজধানীর বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযানে ৬০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগ।
সোমবার (২১ এপ্রিল) দিনভর চালানো এ অভিযানে অপরাধপ্রবণ এলাকাগুলোতে তল্লাশি জোরদার করা হয়।
তেজগাঁও বিভাগ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারদের মধ্যে সবচেয়ে বেশি ২৭ জন ধরা পড়েছেন মোহাম্মদপুর থানা এলাকা থেকে। এছাড়া তেজগাঁও শিল্পাঞ্চল থানা থেকে ১২ জন, হাতিরঝিল থানা থেকে ৭ জন, আদাবর ও তেজগাঁও থানা থেকে ৫ জন করে এবং শেরেবাংলা নগর থানা এলাকা থেকে ৪ জনকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপরাধের অভিযোগ রয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মতামত দিন