জাতীয়
ছবি: সংগৃহীত

গ্যাস সেবায় নতুন নির্দেশনা দিল সরকার, জারি হলো প্রজ্ঞাপন।

নিজেস্ব প্রতিবেদক:

দেশে গ্যাস ব্যবহারে শৃঙ্খলা আনা এবং গ্রাহকদের জন্য সেবা সহজ করতে নতুন কিছু নীতিমালা জারি করেছে সরকার। এতে শিল্প খাতে গ্যাস ব্যবস্থাপনা, লোড স্থানান্তর ও মিটার স্থাপন প্রক্রিয়ায় পরিবর্তন আনা হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

নতুন নির্দেশনায় বলা হয়েছে, গ্যাসের ক্রমবর্ধমান চাহিদা বিবেচনায় আন্তর্জাতিক চর্চা অনুসরণ করে সেবা আরও সহজ ও গ্রাহকবান্ধব করতে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, কোনো প্রতিষ্ঠানে গ্যাস সরঞ্জামের নির্ধারিত লোড অপরিবর্তিত রেখে যন্ত্রপাতি পুনর্বিন্যাস বা পরিবর্তন করা যাবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট গ্যাস কোম্পানির তালিকাভুক্ত ঠিকাদারের মাধ্যমে কাজ সম্পন্ন করতে হবে এবং এজন্য আলাদা অনুমতির প্রয়োজন হবে না।

একই মালিকানার আওতায় থাকা একই প্রাঙ্গণের ভেতরে অন্য কোনো শিল্প ইউনিটে অব্যবহৃত গ্যাস লোড স্থানান্তরের সুযোগ রাখা হয়েছে। তবে এ ক্ষেত্রে গ্যাস বিতরণ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক বা আঞ্চলিক প্রধানের অনুমোদন নিতে হবে।

এছাড়া, ক্যাপটিভ বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত গ্যাসের লোড প্রয়োজন হলে শিল্প খাতে স্থানান্তর করা যাবে। তবে এর বিপরীতটি অনুমোদনযোগ্য নয়—অর্থাৎ শিল্প খাতের লোড ক্যাপটিভ পাওয়ারে নেওয়া যাবে না।

মিটার স্থাপনের ক্ষেত্রেও সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী, মিটার বসানোর পর সর্বোচ্চ সাত দিনের মধ্যে সংশ্লিষ্ট কোম্পানিকে এর মান যাচাই করতে হবে।

সরকার মনে করছে, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে গ্যাস ব্যবস্থাপনায় স্বচ্ছতা বাড়বে এবং গ্রাহক সেবাও আরও কার্যকর হবে।

মতামত দিন