মুসলিম ঐক্যের আহ্বান ইরানের প্রেসিডেন্টের।
যুদ্ধ পরিস্থিতি কখনোই কোনো পক্ষের জন্য সুফল বয়ে আনে না বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তার মতে, মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য জোরদার করাই বাইরের ষড়যন্ত্র মোকাবিলা এবং বহিরাগত শক্তির প্রভাব ঠেকানোর সবচেয়ে কার্যকর উপায়।
সোমবার (২০ এপ্রিল) বিচার মন্ত্রণালয়ে একটি তদারকি সফরে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন বলে জানিয়েছে প্রেস টিভি।
পেজেশকিয়ান বলেন, পারস্পরিক বিশ্বাস, সততা এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বর্তমান চ্যালেঞ্জগুলো মোকাবিলা করা সম্ভব। পাশাপাশি দেশের অগ্রগতি ও মর্যাদা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, শত্রুর প্রতি সতর্ক থাকা এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা অত্যন্ত জরুরি। একই সঙ্গে উত্তেজনা কমাতে কূটনৈতিক ও যুক্তিসঙ্গত সব পথ খোলা রাখা উচিত।
আঞ্চলিক সংঘাত প্রসঙ্গে তিনি জানান, যুদ্ধ কোনো সমাধান নয়। সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে বিভিন্ন পক্ষ একে অপরের বিরুদ্ধে হামলা চালিয়েছে, তবে দীর্ঘমেয়াদে সংঘাত থেকে কোনো লাভ হয় না।
তার ভাষায়, যুদ্ধক্ষেত্র পেরিয়ে আসা মানেই শেষ নয়; বরং এটি নতুন একটি দায়িত্বশীল পর্যায়ের সূচনা, যেখানে ধৈর্য, সহযোগিতা এবং রাষ্ট্র পুনর্গঠনে সক্রিয় ভূমিকা জরুরি।
তিনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দিকনির্দেশনার কথাও উল্লেখ করেন। তার মতে, এই নেতৃত্ব সরকারের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে কাজ করছে এবং চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়ক ভূমিকা রাখছে।
পেজেশকিয়ান সব নাগরিককে দেশ গঠনে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান এবং বলেন, বর্তমান পরিস্থিতি সামাল দিতে মানসিক ও সামাজিক প্রস্তুতি আগের যেকোনো সময়ের চেয়ে বেশি প্রয়োজন।
মতামত দিন