আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

হরমুজে নৌপথ উন্মুক্ত রাখার আহ্বান শি জিনপিংয়ের, সৌদি-চীন সম্পর্ক জোরদারের বার্তা।

নিজেস্ব প্রতিবেদক:

আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে নৌযান চলাচল স্বাভাবিক রাখা জরুরি বলে মন্তব্য করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সঙ্গে টেলিফোন আলাপকালে তিনি এ অবস্থান তুলে ধরেন।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া নিউজ এজেন্সি জানায়, ফোনালাপে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক পরিস্থিতি এবং ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

শি জিনপিং বলেন, সৌদি আরবের সঙ্গে সম্পর্ককে আরও এগিয়ে নিতে চায় চীন। পারস্পরিক সম্মান, সমতা ও অভিন্ন লাভের ভিত্তিতে দ্বিপক্ষীয় সম্পর্ককে শক্তিশালী করার নীতিতে বেইজিং অটল রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও জানান, চলতি বছর চীন ও সৌদি আরবের কৌশলগত অংশীদারিত্বের এক দশক পূর্ণ হচ্ছে। এই সময়ে দুই দেশের মধ্যে আস্থা আরও গভীর করা এবং সহযোগিতার পরিসর বাড়ানোই চীনের লক্ষ্য।

মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে চীনা প্রেসিডেন্ট অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানান। তিনি বলেন, সংঘাতের সমাধান রাজনৈতিক ও কূটনৈতিক আলোচনার মাধ্যমেই হওয়া উচিত।

হরমুজ প্রণালির গুরুত্ব তুলে ধরে শি জিনপিং বলেন, এই জলপথ দিয়ে স্বাভাবিক নৌ চলাচল শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক অর্থনীতির সঙ্গেও সরাসরি সম্পর্কিত। তাই এটি নিরাপদ ও উন্মুক্ত রাখা জরুরি।

সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করার আগ্রহও প্রকাশ করেন তিনি। চীন-আরব সহযোগিতা ভবিষ্যতে আন্তর্জাতিক সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হয়ে উঠবে বলেও আশাবাদ ব্যক্ত করেন শি জিনপিং।

মতামত দিন