অর্থনীতি
ছবি: সংগৃহীত

রেমিট্যান্স প্রবাহে উল্লম্ফন, এপ্রিলের প্রথম ১৯ দিনে এসেছে ২.১২ বিলিয়ন ডলার।

নিজেস্ব প্রতিবেদক:

দেশে প্রবাসী আয়ের প্রবাহে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। চলতি এপ্রিল মাসের প্রথম ১৯ দিনেই দেশে এসেছে ২ দশমিক ১২ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স, যা স্থানীয় মুদ্রায় প্রায় ২৫ হাজার ৯৪৯ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যে এ চিত্র উঠে এসেছে। গত বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ১ দশমিক ৭১ বিলিয়ন ডলার। সে তুলনায় এবার প্রায় ৪০ কোটি ৮০ লাখ ডলার বেশি এসেছে, টাকার অঙ্কে যা প্রায় ৪ হাজার ৯৭৮ কোটি।

এর আগে মাসভিত্তিক রেমিট্যান্স প্রবাহেও উল্লম্ফন দেখা গেছে। চলতি বছরের মার্চে এসেছে ৩ দশমিক ৭৫ বিলিয়ন ডলার, যা এখন পর্যন্ত দেশের ইতিহাসে সর্বোচ্চ। একই বছরের অন্যান্য সময়ে জানুয়ারিতে ৩ দশমিক ১৭ বিলিয়ন, ফেব্রুয়ারিতে ৩ দশমিক ২৯ বিলিয়ন এবং ডিসেম্বরে ৩ দশমিক ২২ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে।

অর্থনীতিবিদদের মতে, বৈশ্বিক পরিস্থিতি, বিশেষ করে মধ্যপ্রাচ্যের উত্তেজনার কারণে আন্তর্জাতিক বাজারে ডলারের চাহিদা বেড়েছে। এর ফলে বিনিময় হার বৃদ্ধি পাওয়ায় প্রবাসীরা দেশে পাঠানো অর্থের বিপরীতে তুলনামূলক বেশি টাকা পাচ্ছেন, যা রেমিট্যান্স প্রবাহে সহায়তা করছে।

তবে তারা সতর্ক করে বলেছেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি দীর্ঘায়িত হলে বাংলাদেশের বৈদেশিক মুদ্রা বাজারে চাপ তৈরি হতে পারে। তাই রিজার্ভ শক্তিশালী রাখা এবং সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতি নেওয়ার ওপর জোর দিয়েছেন অর্থনীতিবিদরা।

মতামত দিন