মালয়েশিয়ার সাবাহে ভয়াবহ অগ্নিকাণ্ডে হাজার ঘর পুড়ে ছাই, গৃহহীন হাজারো মানুষ।
মালয়েশিয়ার সাবাহ অঙ্গরাজ্যের সান্দাকান জেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনে প্রায় এক হাজার ঘরবাড়ি পুড়ে গেছে এবং গৃহহীন হয়ে পড়েছেন হাজারো বাসিন্দা।
সোমবার (২০ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্থানীয় কর্তৃপক্ষের বরাতে বলা হয়েছে, ঘনবসতিপূর্ণ উপকূলীয় এলাকায় মধ্যরাতে আগুনের সূত্রপাত ঘটে। দ্রুতই তা আশপাশের পুরো বসতিতে ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় প্রায় ৯ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানিয়েছেন সান্দাকান জেলার পুলিশ প্রধান জর্জ আব্দ রাকমান। এলাকাটিতে মূলত দরিদ্র জনগোষ্ঠী ও আদিবাসীরা বসবাস করতেন।
দমকল বিভাগের তথ্য অনুযায়ী, রাত দেড়টার দিকে আগুন লাগার খবর পাওয়া যায়। এরপর দুটি স্টেশন থেকে ৩৭ জন দমকলকর্মী ঘটনাস্থলে পাঠানো হয়। প্রায় ১০ একর এলাকাজুড়ে থাকা ভাসমান ঘরগুলো সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে।
তবে সরু পথ ও ভাটার কারণে পানি সংকটের ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলকর্মীদের চরম বেগ পেতে হয়। প্রবল বাতাসও আগুন দ্রুত ছড়িয়ে দিতে ভূমিকা রাখে।
এদিকে বড় ধরনের ক্ষয়ক্ষতি হলেও এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি সহায়তা ও অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, ক্ষতিগ্রস্তদের নিরাপত্তা নিশ্চিত করা এবং দ্রুত ত্রাণ পৌঁছে দেওয়াই এখন সরকারের প্রধান অগ্রাধিকার।
মতামত দিন