বিনোদন
ছবি: সংগৃহীত

বিএনপি বুঝিয়ে দিয়েছে বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে: জয়।

নিজেস্ব প্রতিবেদক:

সংরক্ষিত নারী আসনের জন্য বিএনপির চূড়ান্ত মনোনয়ন তালিকায় শোবিজ অঙ্গনের কোনো পরিচিত মুখ জায়গা না পাওয়ায় নতুন আলোচনা তৈরি হয়েছে। ২০ এপ্রিল ঘোষিত ৩৬ জনের তালিকায় একটিও তারকার নাম না থাকায় বিষয়টি রাজনৈতিক ও বিনোদন—দুই অঙ্গনেই আলোচনায় উঠে আসে।

এই প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি ইঙ্গিত করেন, বিনোদন জগতের ব্যক্তিদের রাজনীতিতে নেওয়ার বিষয়ে দলটি আগ্রহী নয়।

তার পোস্টে তিনি লেখেন, ‘নারী শিল্পীদের সংসদ সদস্য হওয়ার বাসনাকে বিএনপি সমর্থন করেনি। তারা বুঝিয়ে দিয়েছে বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে।’ মন্তব্যটি প্রকাশের পর দ্রুতই তা অনলাইনে ছড়িয়ে পড়ে।

জয়ের এই বক্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ তার মন্তব্যকে সমর্থন করেছেন, আবার অনেকেই এটিকে নারী শিল্পীদের প্রতি অসম্মানজনক বলেও অভিহিত করেছেন।

এর আগে কয়েকজন পরিচিত শিল্পী সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। তাদের মধ্যে ছিলেন সংগীতশিল্পী বেবী নাজনীন, রিজিয়া পারভীন, কনকচাঁপা, নৃত্যশিল্পী ফারহানা চৌধুরী বেবী এবং মডেল-অভিনেত্রী রুকাইয়া জাহান চমক।

তবে শেষ পর্যন্ত দলটি অভিজ্ঞ রাজনৈতিক নেত্রীদেরই বেছে নিয়েছে। আর সেই সিদ্ধান্তকে কেন্দ্র করেই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে নতুন আলোচনা, যেখানে জয়ের মন্তব্য আলাদা করে নজর কেড়েছে।


মতামত দিন