পাচার অর্থ ফিরিয়ে এনে মানুষের কল্যাণে ফ্যামিলি কার্ডের মাধ্যমে পুনর্বণ্টন করা হবে:প্রধানমন্ত্রী
বগুড়ায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের দ্বিতীয় ধাপের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) দুপুরে গাবতলী উপজেলার বাগবাড়ীর শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
অনুষ্ঠানে প্রথম পর্যায়ে নির্বাচিত ৯১১ জন উপকারভোগীর হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হয়। পাশাপাশি চলতি মাসের মধ্যেই জেলার ২৩টি উপজেলায় এই কার্ড বিতরণ সম্পন্ন করা হবে বলে জানানো হয়।
উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান অভিযোগ করেন, অতীতের স্বৈরশাসনামলে দেশ থেকে বিপুল অঙ্কের অর্থ বিদেশে পাচার হয়েছে। তিনি বলেন, সেই অর্থ ফিরিয়ে এনে কৃষকসহ সাধারণ মানুষের কল্যাণে ফ্যামিলি কার্ডের মাধ্যমে পুনর্বণ্টন করা হবে।
তিনি আরও জানান, সরকার গঠনের পর এক মাসেরও কম সময়ে গত ১০ মার্চ পরীক্ষামূলকভাবে ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করা হয়। প্রথম ধাপে মূলত পরিবারের নারী প্রধানদের এই কার্ড দেওয়া হচ্ছে।
নারীর অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে নারী-পুরুষ উভয়কেই সমানভাবে সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে সরকারের।
মতামত দিন