আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

মোসাদ-সম্পর্কিত অভিযোগে ইরানে দুইজনের মৃত্যুদণ্ড কার্যকর

নিজেস্ব প্রতিবেদক:

মোসাদের সঙ্গে যোগাযোগের অভিযোগে ইরানে দুই ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (২০ এপ্রিল) স্থানীয় সময় ভোরে তাদের দণ্ড কার্যকর করা হয় বলে জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

জানা গেছে, দণ্ডপ্রাপ্ত দুই ব্যক্তি বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ছিলেন। তাদের প্রশিক্ষণের মধ্যে নিরাপদ যোগাযোগ ব্যবস্থা ব্যবহার এবং বিস্ফোরক তৈরির কৌশল অন্তর্ভুক্ত ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, তারা ইরানের বিভিন্ন সামরিক ও সরকারি স্থাপনায় অগ্নিসংযোগের ঘটনায় জড়িত ছিলেন। পাশাপাশি এসব কর্মকাণ্ডের ভিডিও তারা তাদের নিয়ন্ত্রণকারীদের কাছে পাঠাতেন এবং এর বিনিময়ে ক্রিপ্টোকারেন্সিতে অর্থ গ্রহণ করতেন।

এদিকে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালে ইরানে অন্তত ১ হাজার ৬৩৯ জনের ফাঁসি কার্যকর হয়েছে, যা ১৯৮৯ সালের পর সর্বোচ্চ।

এর আগের বছর ২০২৪ সালে এই সংখ্যা ছিল ৯৭৫ জন, অর্থাৎ এক বছরের ব্যবধানে মৃত্যুদণ্ড কার্যকরের হার প্রায় ৬৮ শতাংশ বেড়েছে। এদের মধ্যে ৪৮ জন নারীও রয়েছেন।

মানবাধিকার পর্যবেক্ষকদের মতে, চলমান রাজনৈতিক পরিস্থিতি অব্যাহত থাকলে মৃত্যুদণ্ডকে দমন-পীড়নের হাতিয়ার হিসেবে আরও ব্যাপকভাবে ব্যবহার হওয়ার ঝুঁকি তৈরি হতে পারে।

মতামত দিন