আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ইসরায়েল-ইইউ চুক্তি বাতিলের উদ্যোগ নেবে স্পেন।

নিজেস্ব প্রতিবেদক:

ইউরোপীয় ইউনিয়ন ও ইসরায়েলের মধ্যে থাকা অংশীদারিত্ব চুক্তি বাতিলের জন্য আনুষ্ঠানিক প্রস্তাব দিতে যাচ্ছে স্পেন। আগামী মঙ্গলবার (২১ এপ্রিল) এ বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের কাছে উদ্যোগটি উত্থাপন করা হবে।

রোববার স্পেনের দক্ষিণাঞ্চলীয় স্বায়ত্তশাসিত অঞ্চল আন্দালুসিয়ায় এক নির্বাচনি সমাবেশে এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। তিনি জানান, ইসরায়েলের সঙ্গে ইইউর থাকা অ্যাসোসিয়েশন চুক্তি পুনর্বিবেচনা করে তা বাতিলের পক্ষে অবস্থান নেবে স্পেন সরকার।

সানচেজ বলেন, ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে বলে অভিযোগ রয়েছে। তার মতে, মানবাধিকার উপেক্ষাকারী কোনো রাষ্ট্র ইউরোপীয় ইউনিয়নের অংশীদার হতে পারে না। ২০০০ সালে কার্যকর হওয়া ওই চুক্তিতে মানবাধিকার মানার বিষয়টি শর্ত হিসেবে অন্তর্ভুক্ত রয়েছে।

এর আগেও ইউরোপীয় কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছিল স্পেন ও আয়ারল্যান্ড। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তারা যৌথভাবে একটি চিঠি পাঠিয়ে গাজায় চলমান পরিস্থিতির কারণে ইসরায়েলের মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনার আহ্বান জানায়।

এদিকে স্পেনের সাম্প্রতিক অবস্থান ঘিরে নতুন করে সমালোচনায় নেমেছে ইসরায়েল। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্পেনের বিরুদ্ধে দ্বৈত মানদণ্ডের অভিযোগ তোলেন।

একইসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ইসরায়েল এ ধরনের “দ্বিমুখী নীতি” গ্রহণ করবে না। তিনি স্পেনের কূটনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তুলে তুরস্ক ও ভেনেজুয়েলার সঙ্গে তাদের সম্পর্কের দিকেও ইঙ্গিত করেন।

মতামত দিন