ইরানের পতাকাবাহী জাহাজ আটকের দাবি ট্রাম্পের,কড়া প্রতিক্রিয়া তেহরানের।
হরমুজ প্রণালির নিকটবর্তী সমুদ্র এলাকায় একটি ইরানি পতাকাবাহী কার্গো জাহাজ আটক করা হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর বক্তব্য অনুযায়ী, জাহাজটি নৌ অবরোধ অমান্য করার চেষ্টা করছিল।
ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানান, ‘তুসকা’ নামের ওই জাহাজটিকে থামার নির্দেশ দেয় মার্কিন নৌবাহিনীর একটি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার। তবে নির্দেশ না মানায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জাহাজের ইঞ্জিন অংশে গুলি চালানো হয়, যার ফলে সেটি অচল হয়ে পড়ে। পরে মার্কিন মেরিনরা জাহাজে উঠে নিয়ন্ত্রণ নেয় এবং তল্লাশি শুরু করে।
মার্কিন সেন্ট্রাল কমান্ডের ভাষ্য অনুযায়ী, জাহাজটি ইরানের বন্দর আব্বাসের দিকে যাচ্ছিল। ছয় ঘণ্টার বেশি সময় ধরে একাধিক সতর্কবার্তা দেওয়া হলেও তা উপেক্ষা করা হয়। এমনকি ইঞ্জিন কক্ষ খালি করার নির্দেশও মানা হয়নি বলে দাবি করা হয়।
এদিকে এই ঘটনার পর কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ যৌথ সামরিক কমান্ডের পক্ষ থেকে বলা হয়, যুদ্ধবিরতি উপেক্ষা করে যুক্তরাষ্ট্র একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে, যা চীন থেকে ফিরছিল।
খাতাম আল-আম্বিয়া সদর দফতরের এক মুখপাত্র এ ঘটনাকে “সশস্ত্র জলদস্যুতা” হিসেবে আখ্যা দিয়ে বলেন, এর উপযুক্ত জবাব খুব শিগগিরই দেওয়া হবে এবং প্রতিশোধ নেওয়া হবে।
মতামত দিন