দেশে তাপমাত্রা আরও বাড়ার আভাস।
আগামী ২৪ ঘণ্টায় দেশের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে ছয়টি বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের সোমবার (২০ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, দিন ও রাত—উভয় সময়েই তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে।
এ সময় ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় এবং ঢাকা, রাজশাহী, রংপুর ও চট্টগ্রাম বিভাগের দু-এক স্থানে বিদ্যুৎ চমকানোসহ অস্থায়ী বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টিরও আশঙ্কা রয়েছে। তবে দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশ থাকলেও আবহাওয়া মূলত শুষ্ক থাকবে।
অধিদপ্তর আরও জানিয়েছে, মঙ্গলবারও একই ধরনের আবহাওয়ার ধারা অব্যাহত থাকতে পারে এবং ছয় বিভাগে বজ্রবৃষ্টির সম্ভাবনা থাকবে।
এর আগে গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাঙামাটিতে, ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে সিলেট ও মৌলভীবাজারের শ্রীমঙ্গলে, ২০ মিলিমিটার।
মতামত দিন