ইউরেনিয়াম স্থানান্তর প্রশ্নে কঠোর অবস্থানে ইরান, আলোচনা প্রত্যাখ্যান।
ইউরেনিয়াম বিদেশে স্থানান্তরের কোনো সুযোগ নেই বলে স্পষ্ট অবস্থান জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এ বিষয়টি তাদের কাছে কোনোভাবেই আলোচনার বিষয় নয় এবং এতে আপস করার প্রশ্নই ওঠে না।
সোমবার (২০ এপ্রিল) তাসনিম নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকেই বলেন, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের ভেতরেই থাকবে—এটি জাতীয় নীতি ও নিরাপত্তার সঙ্গে যুক্ত একটি বিষয়। তিনি এটিকে ইরানের বৈজ্ঞানিক অগ্রগতি ও জাতীয় অর্জনের প্রতীক হিসেবে উল্লেখ করেন।
তার ভাষায়, “সমৃদ্ধ ইউরেনিয়াম বিদেশে পাঠানোর কোনো প্রস্তাবই কখনো আলোচনার টেবিলে ছিল না।” তিনি আরও বলেন, ইরানের পারমাণবিক সক্ষমতা জনগণের দীর্ঘ পরিশ্রম ও ত্যাগের ফল, তাই এটি রক্ষার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ইরানি মুখপাত্র অভিযোগ করেন, এই সক্ষমতার কারণেই দেশটি আন্তর্জাতিক চাপ ও শত্রুতার মুখে পড়ছে।
এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরবর্তী দফা আলোচনা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। ইরান জানিয়েছে, মার্কিন পক্ষের অতিরিক্ত দাবি ও অবস্থানের পরিবর্তন আলোচনার পরিবেশ নষ্ট করছে।
তেহরান আরও অভিযোগ করেছে, হরমুজ প্রণালিতে মার্কিন নৌ অবরোধ যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে বিবেচিত হচ্ছে, যার কারণে আলোচনার অগ্রগতি বাধাগ্রস্ত হচ্ছে।
এই পরিস্থিতিতে দ্বিতীয় দফা শান্তি আলোচনায় অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইরান। দেশটির মতে, বর্তমান অবস্থায় আলোচনায় বসা অর্থবহ হবে না।

মতামত দিন