রাজধানীর শিশু হাসপাতালের বেজমেন্টে আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস।
রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত ঢাকা শিশু হাসপাতালের বেজমেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২০ এপ্রিল) দুপুরে আকস্মিকভাবে এই আগুনের সূত্রপাত হয়।
খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ জানায়, দুপুর ১২টা ৩৮ মিনিটে আগুন লাগার খবর আসে। পরে দ্রুত একাধিক ইউনিট পাঠানো হয় এবং সমন্বিত প্রচেষ্টায় ১টা ৫ মিনিটের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে বেজমেন্টে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো নিশ্চিত করা যায়নি।
ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত করা হবে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

মতামত দিন