এসএসসি পরীক্ষায় কোচিং সেন্টার নিয়ে কোনো নির্দেশনা নেই: শিক্ষা উপদেষ্টা।
আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষা চলাকালে কোচিং সেন্টার বন্ধ থাকবে কি না—এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো আলাদা নির্দেশনা নেই বলে জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
সোমবার (২০ এপ্রিল) সচিবালয়ে এসএসসি পরীক্ষা নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, দেশে কোচিং সেন্টারগুলো সরকারি নিবন্ধনের আওতায় পরিচালিত হয় না। তাই কোথায় কীভাবে কোচিং চলছে, তা সরকারের পক্ষে পুরোপুরি জানা সম্ভব নয়। এ কারণে পরীক্ষা চলাকালে কোচিং সেন্টার বন্ধ রাখার বিষয়ে কোনো আলাদা নির্দেশনা দেওয়া হয়নি।
তিনি আরও বলেন, “কোচিং সেন্টারের জন্ম কেন হয়, সেটা আমাদের বুঝতে হবে। যখন স্কুল-কলেজে ঠিকভাবে পড়াশোনা হয় না, তখন কোচিংয়ের প্রয়োজন তৈরি হয়। আমরা চাই শিক্ষকরা ক্লাসেই ভালোভাবে পাঠদান করুক।”
শিক্ষামন্ত্রী জানান, প্রশ্ন ফাঁসসহ কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড হলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পরীক্ষাকে কেন্দ্র করে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাদের ছাড় দেওয়া হবে না।
তিনি আরও জানান, শিক্ষার্থীদের সুবিধার জন্য সকাল ৮টা থেকে পরীক্ষা কেন্দ্র খোলা থাকবে, যাতে যানজট এড়িয়ে তারা সময়মতো কেন্দ্রে পৌঁছাতে পারে।
এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী অংশ নেবে। এর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন।
মন্ত্রী বলেন, খাতা মূল্যায়ন কঠোরভাবে মনিটরিং করা হবে এবং শিক্ষার্থীরা যতটুকু লিখবে, তার ভিত্তিতেই মূল্যায়ন করা হবে। পরীক্ষা ঘিরে কোনো অনিয়ম বা দুষ্টচক্রের অপতৎপরতা সহ্য করা হবে না বলেও তিনি সতর্ক করেন।

মতামত দিন