দক্ষিণ লেবাননে যিশুর মূর্তি ভাঙচুর,ক্ষোভে ফুঁসছে খ্রিস্টান বিশ্ব তোপের মুখে ইসরায়েলি সেনা।
দক্ষিণ লেবাননের একটি খ্রিস্টান অধ্যুষিত এলাকায় যিশু খ্রিস্টের মূর্তি ভাঙচুরের অভিযোগ ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা যায়, ইসরায়েলি সেনাবাহিনীর এক সদস্য হাতুড়ি দিয়ে মূর্তিতে আঘাত করছেন—যা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
সোমবার (২০ এপ্রিল) এক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ছবিটির সত্যতা স্বীকার করে জানায়, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে।
খ্রিস্টান সম্প্রদায়ের দাবি, ভাঙচুর হওয়া মূর্তিটি দক্ষিণ লেবাননের দেবেল গ্রামে অবস্থিত। এটি একটি মারোনাইট খ্রিস্টান অধ্যুষিত জনপদ, যা সীমান্তবর্তী সংবেদনশীল অঞ্চলের কাছাকাছি।
ঘটনাটি সামনে আসার পর কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন কনেসেট-এর ফিলিস্তিনি সদস্য আয়মান ওদেহ। ব্যঙ্গ করে তিনি বলেন, “এখন হয়তো বলা হবে, ওই সেনা যিশুকে দেখে হুমকি অনুভব করেছিল।”
একই সংসদের আরেক সদস্য আহমদ তিবি অভিযোগ করেন, গাজায় ধর্মীয় স্থাপনা ধ্বংস কিংবা জেরুজালেমে ধর্মযাজকদের ওপর হামলার মতো ঘটনাগুলোর বিচার না হওয়ায় এমন কর্মকাণ্ড বেড়েই চলেছে।
মিডল ইস্ট আই-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল ও অধিকৃত পশ্চিম তীরে খ্রিস্টানদের ওপর চাপ ও হামলার ঘটনা বাড়ছে। এতে ধর্মীয় নিদর্শন ভাঙচুর, গির্জা ও কবরস্থানে হামলা, এমনকি ধর্মযাজকদের ওপর শারীরিক আক্রমণের ঘটনাও রয়েছে।
ধর্মীয় নেতাদের অভিযোগ, এসব ঘটনায় অনেক সময় জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয় না। বিশেষ করে উগ্রপন্থী বসতি স্থাপনকারী ও কিছু ধর্মীয় গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ থাকলেও আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা প্রশ্নবিদ্ধ হচ্ছে।
এই ঘটনার পর অঞ্চলজুড়ে সংখ্যালঘু খ্রিস্টানদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
মতামত দিন