জাতীয়
ছবি: সংগৃহীত

২১ এপ্রিল থেকে শুরু এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১৮ লাখের বেশি শিক্ষার্থী।

নিজেস্ব প্রতিবেদক:

মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে শুরু হচ্ছে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা। এবার পরীক্ষায় অংশ নিচ্ছে ১৮ লাখ ৫১ হাজার ৪২৩ শিক্ষার্থী।

তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে ২০ মে, আর ৭ জুনের মধ্যে শেষ হবে ব্যবহারিক অংশ।

পরীক্ষাকে ঘিরে নতুন কিছু নীতিমালা ও শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের তৎপরতায় ভিন্নধর্মী পরিবেশে পরীক্ষা আয়োজনের আশা করছেন শিক্ষা বিশেষজ্ঞরা।

স্বচ্ছতা ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে গত দুই সপ্তাহ ধরে প্রায় প্রতিদিনই জরুরি নির্দেশনা দিচ্ছে শিক্ষাবোর্ডগুলো। ইতোমধ্যে ৩ হাজার ২০৯টি কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। নকল প্রতিরোধেই দেওয়া হচ্ছে সর্বোচ্চ গুরুত্ব।

আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির জানান, অনেক কেন্দ্রে আগেই সিসি ক্যামেরা ছিল, নতুন কেন্দ্রগুলোতেও সংশ্লিষ্টদের প্রস্তুত করা হয়েছে।

৩০ হাজারের বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এমন সময়ে পরীক্ষায় অংশ নিচ্ছে, যখন পরীক্ষা পরিচালনা নীতিমালা ও পাবলিক পরীক্ষা আইন ১৯৮০-এ পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার। বিশেষজ্ঞদের মতে, নকল প্রতিরোধের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে শিক্ষা ব্যবস্থাকে আধুনিক করাও এখন বড় চ্যালেঞ্জ।

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেন, পরীক্ষা স্বাভাবিক ও সুন্দরভাবে সম্পন্ন হবে। মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের প্রশিক্ষণের ওপর গুরুত্ব দেন তিনি। তার মতে, শিক্ষকরা সঠিকভাবে পড়ালে শিক্ষার্থীরাও ভালো ফল করবে।

মতামত দিন