আবারও বাড়লো এলপিজির দাম।
এক মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়িয়েছে নিয়ন্ত্রক সংস্থা। নতুন নির্ধারণ অনুযায়ী ১২ কেজির একটি সিলিন্ডারের দাম ১ হাজার ৭২৮ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৯৪০ টাকা করা হয়েছে।
রোববার (১৯ এপ্রিল) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। নতুন এই দাম আজ সন্ধ্যা থেকেই কার্যকর হবে।
একই সঙ্গে অটোগ্যাসের দামও সমন্বয় করা হয়েছে। ভোক্তাপর্যায়ে প্রতি লিটার অটোগ্যাসের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ৮৯ টাকা ৫০ পয়সা, যা আগে ছিল ৭৯ টাকা ৭৭ পয়সা।
এর আগে চলতি মাসের শুরুতেই এলপিজির দাম এক দফা বাড়ানো হয়েছিল, তখন ৩৮৭ টাকা বাড়িয়ে মূল্য নির্ধারণ করা হয় ১ হাজার ৭২৮ টাকা।
বিইআরসি জানিয়েছে, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি ও হরমুজ প্রণালিকে ঘিরে অনিশ্চয়তার কারণে এলপিজি সরবরাহ ব্যাহত হচ্ছে। এতে জাহাজ চলাচল বন্ধ হওয়া, বিকল্প রুট ব্যবহার, পরিবহন ব্যয় বৃদ্ধি, বীমা খরচ বেড়ে যাওয়া—সব মিলিয়ে আমদানি ব্যয় বেড়েছে।
এই প্রেক্ষাপটে এলপিজি আমদানির জাহাজভাড়া ও ট্রেডারদের প্রিমিয়াম চার্জ সাময়িকভাবে প্রতি মেট্রিক টনে ২৫০ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে বলে জানায় সংস্থাটি।

মতামত দিন