রাজধানীতে ট্রাফিক অভিযানে ১,১১৪ মামলা, ডাম্পিং ৩৫৭ গাড়ি।
ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে চালানো বিশেষ অভিযানে বিপুল সংখ্যক যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে পুলিশ। শনিবার (১৮ এপ্রিল) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ১১৪টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ।
ডিএমপি সূত্র জানায়, অভিযানের সময় ৩৫৭টি গাড়ি ডাম্পিং করা হয়েছে এবং ১৮২টি যানবাহন রেকার করা হয়েছে।
রোববার (১৯ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন।
বিভাগভিত্তিক তথ্য অনুযায়ী, মতিঝিল ট্রাফিক বিভাগে সবচেয়ে বেশি—৩২৬টি মামলা হয়েছে। গুলশানে ২৪১টি, তেজগাঁওয়ে ১৩৭টি এবং মিরপুরে ১৩৫টি মামলা করা হয়।
এছাড়া উত্তরা এলাকায় ৮৯টি, ওয়ারীতে ৭০টি, লালবাগে ৬৮টি এবং রমনায় ৪৮টি মামলা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে এই ধরনের অভিযান নিয়মিত চালানো হবে, যাতে রাজধানীর সড়কে শৃঙ্খলা নিশ্চিত করা যায়।

মতামত দিন