দাম বাড়ল জ্বালানি তেলের, আজ থেকেই কার্যকর নতুন দাম।
আন্তর্জাতিক বাজারের প্রভাব বিবেচনায় দেশে সব ধরনের জ্বালানি তেলের মূল্য বাড়িয়েছে সরকার। নতুন নির্ধারিত দাম রোববার (১৯ এপ্রিল) থেকে সারাদেশে কার্যকর হয়েছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিজেলের দাম প্রতি লিটারে ১৫ টাকা বাড়িয়ে ১১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। একইভাবে অকটেনের দাম ২০ টাকা বাড়িয়ে ১৪০ টাকা করা হয়েছে।
এছাড়া পেট্রোলের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে লিটারপ্রতি ১৩৫ টাকা, যা আগে ছিল ১১৬ টাকা। কেরোসিনের দামও বেড়ে দাঁড়িয়েছে ১৩০ টাকা, যা আগে ছিল ১১২ টাকা।
সরকারের এই সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে দেশের সব ফিলিং স্টেশন ও পরিবেশক পর্যায়ে নতুন দামে জ্বালানি বিক্রি করতে হবে।
এদিকে মূল্য সমন্বয়ের এই পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছে বাংলাদেশ পেট্রোল পাম্প মালিক সমিতি। সংগঠনটির সদস্য সচিব মীর আহসান উদ্দিন পারভেজ বলেন, বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দাম সমন্বয় করায় বাজারে অস্বাভাবিক মজুত প্রবণতা কমবে এবং সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা বাড়বে।

মতামত দিন