ইসলামের আলো
ছবি: সংগৃহীত

দিনের আলোতেই নতুন চাঁদ দৃশ্যমান,ঈদুল আজহার সম্ভাব্য তারিখ প্রকাশ।

নিজেস্ব প্রতিবেদক:

অস্বাভাবিক এক জ্যোতির্বৈজ্ঞানিক দৃশ্যের সাক্ষী হয়েছে সংযুক্ত আরব আমিরাত, যেখানে দিনের আলোতেই নতুন চাঁদ দৃশ্যমান হয়েছে। এই পর্যবেক্ষণের মধ্য দিয়ে হিজরি ১৪৪৭ সনের জিলকদ মাসের গণনা শুরু হয়েছে দেশটিতে।

আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র (আইএসি) জানিয়েছে, শনিবার (১৮ এপ্রিল) স্থানীয় সময় সকাল ১০টার দিকে এই চাঁদের ছবি ধারণ করা হয়। তখন চাঁদের বয়স ছিল প্রায় ১৬ ঘণ্টা ৩০ মিনিট এবং সূর্য থেকে এর কৌণিক দূরত্ব ছিল প্রায় ১১ দশমিক ৭ ডিগ্রি।

এই বিরল দৃশ্যটি ধারণ করেন জ্যোতির্বিজ্ঞানী মোহাম্মদ আওদার নেতৃত্বে একটি দল। তার সঙ্গে ছিলেন গবেষক খালফান আল নাইমি, ওসামা ঘানিম ও আনাস মুহাম্মদ।

এই চাঁদ দেখার ওপর ভিত্তি করে কোরবানি ঈদের সম্ভাব্য সময়ও জানিয়েছেন বিশেষজ্ঞরা। এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ানের মতে, জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী ২০২৬ সালের ঈদুল আজহা ২৭ মে অনুষ্ঠিত হতে পারে। সে অনুযায়ী আরাফাত দিবস পড়তে পারে ২৬ মে।

মধ্যপ্রাচ্যে সাধারণত আরাফাত দিবস ও ঈদ উপলক্ষে কয়েকদিনের সরকারি ছুটি থাকে। তবে সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে এবার এই ছুটি দীর্ঘ হয়ে প্রায় ৯ দিনে গড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে জিলহজ মাসের চাঁদ দেখার ওপর, যা সংশ্লিষ্ট দেশের চাঁদ দেখা কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে।

ভৌগোলিক পার্থক্যের কারণে বাংলাদেশে সাধারণত একদিন পর ঈদ পালিত হয়। সে হিসেবে দেশে ঈদুল আজহা ২৮ মে হওয়ার সম্ভাবনা রয়েছে।

মতামত দিন