বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুট হরমুজ প্রণালিতে চলাচল নিয়ন্ত্রণে নতুন আর্থিক কাঠামো আনার ইঙ্গিত দিয়েছে ইরান। দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, এখানে আগের মতো প্রচলিত ফি আরোপ করা হবে না, তবে নিরাপত্তা ব্যবস্থার খরচ মেটাতে নতুন ধরনের ফি চালুর বিষয়টি বিবেচনায় রয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ইরানের জাতীয় নিরাপত্তা কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজায়ি বলেন, প্রণালিতে কোনো সাধারণ টোল ব্যবস্থা থাকছে না। তবে পার্লামেন্টে বর্তমানে একটি খসড়া আইন তৈরি হচ্ছে, যেখানে ‘নিরাপত্তা ফি’ নির্ধারণের বিষয়টি আলোচনায় রয়েছে।
তিনি আরও জানান, হরমুজ প্রণালি ব্যবহার করতে হলে ইরানি কর্তৃপক্ষের সঙ্গে পূর্ব সমন্বয় করা বাধ্যতামূলক হবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মতো ‘শত্রু পক্ষের’ সামরিক জাহাজকে এই জলপথ ব্যবহারের অনুমতি দেওয়া হবে না। তবে নির্ধারিত শর্ত পূরণ করলে বন্ধুত্বপূর্ণ দেশের বাণিজ্যিক জাহাজ চলাচল করতে পারবে।
ইব্রাহিম রেজায়ি স্পষ্ট করে বলেন, এই প্রণালির নিরাপত্তা বা ব্যবস্থাপনায় যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা ইরান গ্রহণ করবে না।
এর আগে ইরানি সংবাদমাধ্যম আইএসএনএ জানায়, কিছু নির্দিষ্ট বাণিজ্যিক জাহাজকে অনুমতির ভিত্তিতে প্রণালি পার হওয়ার সুযোগ দেওয়া হতে পারে এবং সেক্ষেত্রে ফি আরোপ করা হবে।
এদিকে হরমুজ প্রণালি পুনরায় খোলার ঘোষণাকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, প্রণালি এখন পুরোপুরি উন্মুক্ত—এটি ইতিবাচক অগ্রগতি।
এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, যুদ্ধবিরতির সময়কালে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য এই গুরুত্বপূর্ণ জলপথ উন্মুক্ত রাখা হবে।
মতামত দিন